জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
ঢাকা
বৃহস্পতিবার
১ অক্টোবর ২০২৬ ইং
১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশ গঠন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বঙ্গভবনে বিজেসির প্রতিনিধিদল
বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে দেশের সম্প্রচার সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
গণতান্ত্রিক উত্তরণে গণমাধ্যমের ভূমিকা
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন এবং সাংবাদিকদের পাশে থাকার কথা জানান।
গণমাধ্যমে মান বজায় রাখার আহ্বান
রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, সম্প্রচারে গুণগত মানও নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের সমস্যা সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নীতিনির্ধারকদেরও দীর্ঘমেয়াদি ও দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান রাষ্ট্রপতি।
ডিজিটালাইজেশনে গুরুত্ব
টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকার জন্য ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বিজেসির নেতারা জানান, সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও বিমাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রপতি সংগঠনটির কল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং সাংবাদিকদের আয় বৃদ্ধির কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন।
তারারদেশ নিউজ


