জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা, অভিনন্দন জানাল মন্ত্রিসভা

0
IMG_20260928_234745_384
image_pdfimage_print

ঢাকা

সোমবার

২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণকে ‘ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ’ উল্লেখ করে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

 

৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, চার দিনের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন। সফরে তিনি মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন।

 

১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

 

সফরকালে প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন।

 

মন্ত্রিসভার ভাষ্য অনুযায়ী, এসব বৈঠক ও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

 

একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে প্রতিনিধিত্ব

 

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং তার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন।

 

মন্ত্রিসভা বলেছে, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্বের ঘটনাটি বিশ্ব ইতিহাসে অনন্য।

 

এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *