সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করব: মৎস্যমন্ত্রী

0
IMG_20260928_235939_343
image_pdfimage_print

ঢাকা

সোমবার

২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও দ্রুত রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য।

 

সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।

 

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

 

রপ্তানিতে গুরুত্ব

 

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সমন্বয় করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।

 

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিতেও সফল হওয়ার লক্ষ্য রয়েছে।

 

প্রকল্প বাস্তবায়ন ও শূন্য পদ পূরণের নির্দেশনা

 

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি এসব প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন কমিটির সভাপতি। শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

 

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম ও আমির হামজা অংশ নেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *