সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
IMG_20260817_200503
image_pdfimage_print

ঢাকা

সোমবার

১৭ আগস্ট ২০২৬ ইং

২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক | তারারদেশ নিউজ:

 

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও স্থিতিশীল ও কার্যকর পর্যায়ে নিতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। 

 

সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তাঁর বক্তব্যের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়।

 

১৮০ দিনে সংস্কার ও আইনশৃঙ্খলা নিয়ে সরকারের দাবি

 

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রথম ১৮০ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি একাধিক সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

 

তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর সরকারকে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এসব পরিস্থিতি সরকার দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং বিভিন্ন উদ্যোগ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা

 

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পরিস্থিতির মধ্যেও সরকার তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে উল্লেখ করেন তিনি।

 

বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রায় এক মাস জ্বালানির মূল্য সমন্বয় স্থগিত রাখা হয়েছিল বলেও জানান তিনি। পরে পরিস্থিতি বিবেচনায় সহনীয় মাত্রায় দাম সমন্বয় করা হয়।

 

দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট দ্রুত সমাধান সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

 

মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল

 

গ্যাস সরবরাহ বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মাতারবাড়ীতে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

একই সঙ্গে বিদ্যমান ভাসমান এলএনজি টার্মিনালগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে একাধিক নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান নির্ধারণে জরিপও চলছে।

 

আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং সমুদ্রভিত্তিক এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রত্যাশা, আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের একটি টেকসই সমাধানের দিকে এগোতে পারবে বাংলাদেশ।

 

কৃষিঋণ মওকুফ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি

 

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে।

 

এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

 

ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

খাদ্য মজুতেও সন্তোষ সরকারের

 

জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশে খাদ্যের একটি শক্তিশালী ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

 

সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অর্জনের সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *