নারীদের উচ্চশিক্ষা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা: রিজভী

0
IMG_20260909_191228_292
image_pdfimage_print

ঢাকা

বুধবার

৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

উচ্চশিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা

 

রিজভী বলেন, খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার এই সুবিধা ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের চিন্তাভাবনা করছে।

 

একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

রাজনীতি ও রাষ্ট্রে নারীর অংশগ্রহণ

 

রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সভ্যতা পূর্ণতা পেতে পারে না। রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন বলে দাবি করেন তিনি।

 

নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের দাবি

 

জাতীয়তাবাদী মহিলা দলকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, সংগঠনটি নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।

 

তার দাবি, নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের জন্য গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের পাশেও সংগঠনটির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন।

 

আওয়ামী লীগ আমলে নারী নির্যাতনের অভিযোগ

 

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে খাদিজা, নুসরাতসহ অনেক নারী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

নারীর ওপর নির্যাতনকারীদের হুঁশিয়ারি

 

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনকারীরা কাপুরুষ। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *