ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
ঢাকা
শুক্রবার
১৬ অক্টোবর ২০২৬ ইং
১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জেষ্ঠ প্রতিবেদক| তারারদেশ নিউজ:
ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারের ওপর গুরুত্ব
রাষ্ট্রপতি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে নিবেদিত থাকার আহ্বান জানান তিনি।
তিনি দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্প্রীতি ও মানবতার বার্তা দুর্গোৎসবে
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়ই এ উৎসবের মূল বার্তা। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বান এতে প্রতিফলিত হয়।
তিনি বলেন, দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। এ উৎসবের সঙ্গে বাংলার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। উৎসবটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে সহায়তা
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিচালনা, সংস্কার ও উন্নয়নেও সরকার সহায়তা দিচ্ছে।
তিনি আরও জানান, পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান
দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন স্বাধীন, নিরাপদ ও নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
পাশাপাশি দুর্গোৎসবের আনন্দ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
তারারদেশ নিউজ


