হাজার বছরের সংস্কৃতি তরুণদের কাছে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

0
2365560-68ec0cca1c82f-69300f4096f0a-694b7f460822a-694f7a0a7694e
image_pdfimage_print

ঢাকা

বুধবার

১৪ অক্টোবর ২০২৬ ইং

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ প্রতিনিধি | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তির কল্যাণে তরুণরা বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে এবং সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে নিজেদের সংস্কৃতি ভুলে গেলে চলবে না। বরং নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্যকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে।

 

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

শীতকালীন সাংস্কৃতিক উৎসবে নানা আয়োজন

 

বৈঠকে লালন উৎসব, নজরুলবর্ষ এবং ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত আয়োজনের পরিকল্পনায় থাকা শীতকালীন সাংস্কৃতিক উৎসবের কর্মসূচি তুলে ধরা হয়।

 

প্রস্তাবিত আয়োজনের মধ্যে রয়েছে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শিল্পকলা একাডেমি সক্রিয় করার নির্দেশ

 

সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত করতে শিল্পকলা একাডেমিগুলোকে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

বৈঠকে জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

 

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ

 

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়ার সম্ভাবনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাঠচক্র, বই পড়ার প্রতিযোগিতা এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে পাঠাভ্যাস বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

 

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে সবারই। নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা কাজে লাগাতে পারলে সম্মিলিতভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে অগ্রগতি সম্ভব।

 

বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *