জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং
৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জ্যেষ্ঠ প্রতিনিধি | তারারদেশ নিউজ
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে গত ১৬ বছরে মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা অর্থের ব্যয়ের হিসাবও চেয়েছে কমিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ১০১টি প্রকল্পের যাবতীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামোতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের সুপারিশও করেছে কমিটি।


