মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানব পাচার সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জিসপ-এর মানববন্ধন
মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানব পাচারকারী সিন্ডিকেটের হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জিসপ-এর সভাপতি গিয়াস উদ্দিন খোকন। কর্মসূচিতে সংহতি জানিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে গিয়াস উদ্দিন খোকন বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে পাচার করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট হোতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার নিঃস্ব না হয়।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, ইনকিলাব পার্টির সভাপতি আহমদ শাকিল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানব পাচারকারীরা দেশের শত্রু। সিন্ডিকেটের কারণে বাংলাদেশি শ্রমিক বিদেশে মানবেতর জীবনযাপন করছে। তারা সরকারের কাছে দাবি জানান যেন অবিলম্বে পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।
উক্ত মানববন্ধনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরে পাওয়া এবং প্রতারকদের শাস্তির দাবি জানান।


