বাংলাদেশের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা চায় ইন্দোনেশিয়া
ঢাকা
বৃহস্পতিবার
৮ অক্টোবর ২০২৬ ইং
২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
সৌদি আরবগামী যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক
বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা
বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি।
জবাবে আনিস মাত্তা প্রচলিত ব্যবসায়িক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইটের সম্ভাবনা
দুই দেশের যোগাযোগ আরও বাড়াতে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার।
একই সঙ্গে সৌদি আরবে যাতায়াতকারী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
জলবায়ু, এআই ও শিক্ষায় সহযোগিতা
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা গভীর করার পাশাপাশি বাংলাদেশে, বিশেষ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ সম্পর্কে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।
তারারদেশ নিউজ


