জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা
ঢাকা
শনিবার
৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে তাঁর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জাদুঘরটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এনসিপির নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন এনসিপি নেতারা।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, দলিল ও বিভিন্ন নিদর্শন সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।
এর আগে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম। গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানান।
এনসিপির নেতাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে ক্ষেত্রে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করে এনসিপি।


