হেফাজতের ৯ দফা দাবি, নেতাদের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

0
images - 2026-08-09T201552.388
image_pdfimage_print

চট্টগ্রাম

রবিবার

৯ আগস্ট ২০২৬ ইং

২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 

চট্টগ্রাম প্রতিনিধি | তারারদেশ নিউজ:

 

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে হেফাজতের পক্ষ থেকে সরকারের কাছে নয় দফা লিখিত দাবি তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্বাচনের সময়কার সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

 

রোববার বিকেলে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আগের মতো সহযোগিতামূলক অবস্থান বজায় রাখার কথা বলেছেন। জবাবে হেফাজতের পক্ষ থেকে ইসলাম ও দেশের স্বার্থে সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

 

বৈঠকের পর মাদ্রাসা প্রাঙ্গণে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে হেফাজত নেতাদের সঙ্গে যে সমন্বয় ছিল, আগামী দিনেও তা অব্যাহত রাখতে চান।

 

প্রধানমন্ত্রী বলেন, “আমরা নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, আগামী দিনগুলোতেও একসঙ্গে থাকতে চাই।” হেফাজতের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

 

অর্থনীতি ও জ্বালানি সংকটের প্রসঙ্গ

 

বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে তেল ও জ্বালানিসহ অর্থনীতির বিভিন্ন খাতে চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত কমে আসবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সময় পরিকল্পনাহীনভাবে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব এখনো দেশের মানুষকে বহন করতে হচ্ছে।

 

বিভ্রান্তি ও বিশৃঙ্খলা নিয়ে সতর্কতা

 

দেশে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

 

তিনি বলেন, অতীতে দেশের সম্পদ বিদেশে পাচারের মতো ঘটনাও ঘটেছে। এসব সমস্যা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

সরকার দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভালো কিছু করার চেষ্টা করছে উল্লেখ করে এ কাজে সবার দোয়া চান তিনি।

 

বৈঠকে যারা ছিলেন

 

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে হেফাজতের আমির প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।

 

পরে প্রধানমন্ত্রী হাটহাজারীতে গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *