রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, ধানমন্ডি থানায় জিডি
ঢাকা
২৮আগস্ট ২০২৬ইং
১৩ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
নয়ন মাহমুদ | তারারদেশ নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় জিডিটি করেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান রিজভী।
জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নাম ব্যবহার করে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক কনটেন্টকে রিজভীর ব্যক্তিগত কিংবা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার তথ্য নজরে আসে। এসব অ্যাকাউন্টের মধ্যে একটি প্রোফাইলে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর আশঙ্কা, ভেরিফায়েড চিহ্ন থাকার কারণে সাধারণ ব্যবহারকারীদের একটি অংশ ওই অ্যাকাউন্টকে রিজভীর প্রকৃত ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ভুলভাবে মনে করতে পারেন। এর সুযোগ নিয়ে বিভ্রান্তিকর বা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বক্তব্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
জিডিতে আরও বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে। এভাবে তার নাম ও পরিচয় ব্যবহারের কারণে ব্যক্তিগত সুনাম এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
পুলিশের কাছে করা আবেদনে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলো তদন্তের আওতায় এনে প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অ্যাকাউন্টগুলোর URL, প্রোফাইল বা পেজ আইডি, ইউজারনেম, ভেরিফিকেশন স্ট্যাটাস এবং সংশ্লিষ্ট পোস্ট, ছবি ও ভিডিওসহ ডিজিটাল তথ্য সংরক্ষণের আবেদন করা হয়েছে।
প্রয়োজনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং ভুয়া আইডি-পেজ বন্ধ বা অপসারণের উদ্যোগ নেওয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগ এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল। এ নিয়ে পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করার কথাও উল্লেখ করা হয়েছে।
বর্তমানে নতুন করে ভুয়া অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার ঘটনায় ভবিষ্যতে অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য কিংবা রাজনৈতিক উসকানিমূলক কর্মকাণ্ডের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জিডিতে তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫সহ প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের তদন্তের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্টগুলোর পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে রিজভীর নাম-পরিচয় ব্যবহার করা হচ্ছে, তা বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


