রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

0
file_00000000e80c823099ef90814a8898db
image_pdfimage_print

ঢাকা | রোববার,
১৬ আগস্ট ২০২৬ইং| ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাজ্জাদ সদয় | তারারদেশ নিউজ:

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

দুপুর পৌনে ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি বলেন, ‘যাচাই-বাছাই শেষে আমি আপনাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছি।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
যাচাই-বাছাই শেষে ১১ দলের প্রতিনিধি জামায়াতের সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের জানান, অলি আহমদের মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। ফলে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন।

তিনি জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে একই প্রার্থীর ক্ষেত্রে দ্বিতীয় মনোনয়নপত্র আর যাচাই-বাছাই করা হয় না। অলি আহমদের বৈধ হওয়া মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়া সব মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *