রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ঘোষণা হলো মির্জা ফখরুলের মনোনয়নপত্র
ফাইল ফটো
ঢাকা
রোববার
১৬ আগস্ট ২০২৬ ইং
১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জ্যৈষ্ঠ প্রতিবেদক | তারারদেশ নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ সিদ্ধান্ত জানান।
নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
দুটি মনোনয়নপত্র, বৈধ একটি
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। তাঁর নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল।
২০ আগস্ট ভোট
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার হিসেবে থাকবেন জাতীয় সংসদের সদস্যরা এবং তাঁদের প্রকাশ্য ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ হওয়ার ফলে রাষ্ট্রপতি নির্বাচন এখন আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। তবে ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকায় চূড়ান্ত চিত্র তখনই স্পষ্ট হবে।
তারারদেশ নিউজ


