কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর দিয়ে কারিকুলাম তৈরির আহ্বান রাষ্ট্রপতির

0
IMG_20260920_203448_941
image_pdfimage_print

ঢাকা

রবিবার

২০ সেপ্টেম্বর ২০২৬ ইং

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রস্তুতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষিত বেকারত্ব না বাড়ে এবং শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।

 

দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব

 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

 

সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস পরিবর্তন ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা চান তিনি।

 

স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান

 

উন্নত বিশ্বের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সহযোগী স্বাস্থ্যসেবা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ছয় মাস এবং এক বছর মেয়াদি স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান জানান রাষ্ট্রপতি।

 

তিনি বলেন, এ ধরনের কর্মমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

 

প্রতিটি জেলায় পারফর্মিং আর্টস কলেজের প্রস্তাব

 

দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

 

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

 

সাক্ষাতে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *