আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় নির্বাচনের তফসিল হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা
মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং
৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি | তারারদেশ নিউজ:
আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচিকে তিনি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন।
ইসির সময়সূচি এখনো চূড়ান্ত নয়
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসি যে সময়সূচি জানিয়েছে, সেটি এখনো চূড়ান্ত নয়। এটি একটি সম্ভাব্য বা টেন্টেটিভ পরিকল্পনা বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, এবার প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে হওয়ার কথা জানানো হয়।
১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা নিজেদের মতামত দেবেন।
তিনি বলেন, ওই সভার আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনের সময়সূচি সাজানো হবে। এরপরই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে বলে আভাস দেন তিনি।
‘নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে’
ইসি ও সরকারের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন নিয়ে ভিন্ন বক্তব্য আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট আইনের অধীনে অনুষ্ঠিত হওয়ায় সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে।
তার ভাষ্য, সরকারের সঙ্গে আলোচনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এককভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েও বক্তব্য
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য একটি নীতিমালা করা হয়েছে। বিভিন্ন অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলছে।
তবে এ খাতের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষ যাতে হঠাৎ কর্মহীন হয়ে না পড়েন, সেদিকেও সরকার নজর রাখছে বলে জানান তিনি।
তারারদেশ নিউজ


