ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, আলোচনায় বসতে সম্মত পুতিন

0
IMG_20261021_223256_183
image_pdfimage_print

ঢাকা

বুধবার

২১ অক্টোবর ২০২৬ ইং

৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেস্ক | তারারদেশ নিউজ:

 

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবার শুরু করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বর থেকে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

 

বুধবার (২১ অক্টোবর) রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর এ উদ্যোগের কথা জানানো হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি রাজপ্রাসাদে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁদের আলোচনা চলে।

 

আবুধাবিতে হতে পারে শান্তি আলোচনা

 

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ত্রিপক্ষীয় আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। আগামী ১০ নভেম্বর অথবা এর পর যেকোনো সময় আলোচনা শুরু হতে পারে।

 

যুদ্ধের অবসান ঘটলে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।

 

বৈঠকে মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া

 

পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে অবসরপ্রাপ্ত মার্কিন স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় রাশিয়া। তাঁকে মুক্তি দেওয়ার জন্য পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।

 

উইটকফের সঙ্গে পুতিনের এটি ছিল নবম সরাসরি বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা অনুষ্ঠিত হয়।

 

ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে উদ্বেগ

 

ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমে আসছে কি না, তা নিয়ে কিয়েভ ও দেশটির মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহে ওয়াশিংটন কখনো কখনো বিধিনিষেধ আরোপ করছে বলেও অভিযোগ উঠেছে।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে অসলোতে বৈঠক করেন উইটকফ। ওই আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে পুতিনকে জানিয়েছেন তিনি। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সেখানে নতুন কিছু ধারণা ও প্রস্তাব তুলে ধরেছে।

 

শান্তিচুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা

 

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, উইটকফের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে আলোচিত কিছু বিষয় রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।

 

অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতপার্থক্য থাকায় নতুন আলোচনা কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *