তেলের সংকটের মধ্যেই বাড়ল আটা-ময়দার দাম

0
IMG_20260912_020821_597
image_pdfimage_print

ঢাকা

শুক্রবার

১১ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দাম বাড়ানোর পরও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এর মধ্যেই বেড়েছে আটা ও ময়দার দাম। ফলে নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে ভোক্তাদের ওপর।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

 

দোকানে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল

 

ব্যবসায়ীদের অভিযোগ, অর্ডার দেওয়ার পরও কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। অনেক দোকানে তেল না থাকায় ক্রেতাদের ফিরে যেতে হচ্ছে।

 

সম্প্রতি সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দেয়। এরপর ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো প্রতি লিটারের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করে।

 

আটা-ময়দার দামেও ঊর্ধ্বগতি

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে এর সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা।

 

খোলা ময়দা এখন ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে প্যাকেটজাত ময়দার দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।

 

শনিবার থেকে বাড়ছে বেকারি পণ্যের দাম

 

আটা-ময়দার দাম বাড়ার প্রভাব পড়েছে বেকারি পণ্যের বাজারেও। বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি জানিয়েছে, শনিবার থেকে বিভিন্ন ধরনের বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

 

কিছু পণ্যের ক্ষেত্রে দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের বাড়তি খরচের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে।

 

ডিম-মুরগি ও সবজির দামও চড়া

 

বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও স্বস্তিদায়ক নয়। বর্তমানে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এ ছাড়া বিভিন্ন সবজির দামও চড়া। লম্বা বেগুন ৭০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, করলা ও বরবটি ৮০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বাজারের এই পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ব্যয় আরও বাড়ছে। ক্রেতাদের ভাষ্য, তেল, আটা-ময়দা, ডিম, মুরগিসহ একাধিক প্রয়োজনীয় পণ্যের দাম একসঙ্গে বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *