ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান
ঢাকা
বুধবার
৯ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
দেশে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এডিস মশার প্রজনন ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।
শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে জরুরি মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
সেপ্টেম্বর-নভেম্বরে বাড়ে এডিসের প্রকোপ
প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এডিস মশার লার্ভার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের অভিজ্ঞতাতেও এ সময়ে এডিস মশার সংখ্যা বাড়ার সঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
চলতি বছর ১৩৭ জনের মৃত্যু
সরকারি হিসাব তুলে ধরে মীর শাহে আলম জানান, জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রেড অ্যালার্ট জারি করা উপজেলা ও জেলার হাসপাতালগুলোতে পৃথকভাবে পাঁচটি করে ডেঙ্গু রোগীর বেড প্রস্তুত রাখা হয়েছে। জেলা পর্যায়ের পাশাপাশি বিশেষায়িত হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিচ্ছন্নতা নিশ্চিত করে এডিস মশার লার্ভা উৎপাদন বন্ধ করা গেলে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাভাবিকভাবেই কমে আসবে বলে জানান তিনি।
৬৪ জেলায় চলবে পরিচ্ছন্নতা অভিযান
তিন মাসের এই কর্মসূচিতে স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার, বিডিক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও কর্মসূচিতে যুক্ত থাকবেন।
একই সময়ে দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রায় ৫০০ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে নির্ধারিত স্থানগুলোতে কর্মসূচি পালন করা হবে।
জনসম্পৃক্ততায় গুরুত্ব
জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায় পর্যন্ত কর্মসূচির প্রচার ও জনসম্পৃক্ততা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও তথ্য বিভাগ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করা হয়েছে।
তারারদেশ নিউজ


