১৮৭ টাকায় সংসার চলে না, ৫০০ টাকা মজুরির দাবিতে ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ!

0
file_0000000075c881fa970d8b111798654d
image_pdfimage_print

ঢাকা

শুক্রবার
২৮ আগষ্ট ২০২৬ ইং
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,

ফটিকছড়ি প্রতিনিধি: তারারদেশ নিউজ |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে—এমন অভিযোগ তুলে দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরি, ভূমির অধিকার ও নিয়মিত নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা বাগানের শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বারমাসিয়া চা বাগানের কালিতলায় চা শ্রমিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগানের পঞ্চায়েত সভাপতি অপু কূর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চা শ্রমিকদের জীবন-জীবিকা ও অধিকার নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।

সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম ভ্যালী কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাশ, বাদল মুন্ডা, তপন কূর্মী, পরেশ মুন্ডা, সিন্ধু বালা কুর্মী, ললিতা কূর্মীসহ বিভিন্ন চা বাগানের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। চাল, ডাল, তেলসহ খাদ্যপণ্যের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে চা শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, চা শ্রমিকদের শ্রমে দেশের চা শিল্প এগিয়ে গেলেও শ্রমিকদের জীবনমান সেই তুলনায় উন্নত হয়নি। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে বক্তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাগানগুলোতে নিয়মিত ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের দাবি জানান। দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তা দূর করে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে চা শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বারমাসিয়া চা বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শ্রমিক নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *