সংবিধানের ভুল ব্যাখ্যায় গণভোটের রায় এড়িয়ে যাওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
ঢাকা
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬ ইং
১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষের পক্ষে সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে তাঁদের দল।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ নিয়ে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবি
গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের লংমার্চ থেকে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হবে। দাবিগুলো হলো:
- গণভোটের গণরায় বাস্তবায়ন
- জুলাই গণহত্যার বিচার
- বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকটের সমাধান
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ
- অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
- সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
৫ সেপ্টেম্বর লংমার্চ
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে লংমার্চ শুরু হবে।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন মানুষের গণ-আকাঙ্ক্ষার বিষয়। এ দাবিতে ১১ দলের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতাও তাঁরা প্রত্যাশা করছেন।
লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে আগাম দুঃখপ্রকাশও করেন গোলাম পরওয়ার। প্রশাসন ও সরকারি দলের পক্ষ থেকে সহযোগিতা এবং পরমতসহিষ্ণুতার নজির দেখানো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
থাকবেন ১১ দলের শীর্ষ নেতারা
গোলাম পরওয়ার জানান, লংমার্চে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির অলি আহমদ, এনসিপির নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংসদেই বিতর্কের সমাধান চান
রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের সমাধানের জন্য সংসদকেই উপযুক্ত জায়গা হিসেবে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তবে সংসদে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জনগণের সঙ্গে তাঁরা রাজপথে থাকবেন।
খেলাফত মজলিস নিয়েও বক্তব্য
১১ দলীয় লংমার্চে খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে গোলাম পরওয়ার বলেন, খেলাফত আন্দোলন জোটের সঙ্গে রয়েছে। খেলাফত মজলিসও জোটে নেই এমন নয়। দলীয় কিছু কার্যক্রমের কারণে তারা সাম্প্রতিক কয়েকটি বৈঠকে অংশ নেয়নি বলে জানান তিনি।
দেশের প্রয়োজন ও জনগণের গণতান্ত্রিক আন্দোলনে দলটি শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
তারারদেশ নিউজ


