বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. সামীমুজ্জামানের যোগদান
ঢাকা,
১৭ জুলাই ২০২৬ ইং,
০২ শ্রাবন ১৪৩৩ বঙ্গাব্দ,
০২ সফর ১৪৪৮ হিজরি
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান। তিনি প্রেষণে এ পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ১২ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সামীমুজ্জামানকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটন অবকাঠামোর উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশকে আরও কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে মো. সামীমুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ পর্যটন করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং পর্যটন খাত নতুন গতি লাভ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। ।


