রোহিঙ্গা প্রত্যাবাসন ও দ্বিপক্ষীয় বাণিজ্যে গুরুত্ব প্রধানমন্ত্রীর
ঢাকা
বুধবার
২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং
৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক অংশীদারদের আরও কার্যকর ভূমিকা এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এরদোয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও বহুমুখী করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এরদোয়ান। একই সঙ্গে তাঁকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান তিনি।
ভুটান-মালদ্বীপের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা
ভুটান ও মালদ্বীপের সঙ্গে বৈঠকে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর আবেদন
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদনের বিষয়ে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এ বিষয়ে বিভিন্ন পক্ষের কাছ থেকে ইতিবাচক সমর্থন পাওয়া যাচ্ছে। জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রমও ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।
বিশ্বব্যাংকের সঙ্গে উন্নয়ন সহযোগিতা
বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য, নিয়ন্ত্রণ সহজীকরণ এবং অর্থনৈতিক উদারীকরণসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির চলমান অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
তারারদেশ নিউজ


