নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
ঢাকা
মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬ ইং
৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল, জরিমানা ও জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ার পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা সমন্বয় করা হয়েছে। পরিবহন খাতের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
তবে ভাড়া বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে—এ বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির কারণে রাষ্ট্রকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে হচ্ছে।
বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কঠোর ব্যবস্থা
নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বাড়তি ভাড়া চাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ধরনের প্রবণতা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার রুট পারমিট বাতিল করা হতে পারে। পাশাপাশি জরিমানা, জবাবদিহি এবং ভবিষ্যতে রুট পারমিট বহাল থাকবে কি না—সেটিও বিবেচনায় নেওয়া হবে।
জনস্বার্থে ভাড়া নিয়ন্ত্রণের চেষ্টা
সড়কমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন খাত ও জীবনযাত্রার ব্যয়ে পড়বেই। তবে সরকার চেষ্টা করছে, যাতে এই বাড়তি ব্যয়ের অজুহাতে সাধারণ মানুষের ওপর অযৌক্তিক চাপ তৈরি না হয়।
পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যেন যৌক্তিক ভাড়া পরিশোধ করে এবং পরিবহন খাতও যেন অযৌক্তিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়—এ ভারসাম্য বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব।
তারারদেশ নিউজ


