হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

ঢাকা

রবিবার

৯ আগস্ট ২০২৬ ইং

২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বিরোধী দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের বক্তব্য ও রাজনৈতিক আচরণে আগের সরকারের সময়কার ভাষারই প্রতিফলন দেখা যাচ্ছে।

 

রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর আওতায় ২৫ জনের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই করতে দেব না, চলতে দেব না—ভাষাতেই কথা বলতেছে।”

 

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো চার থেকে পাঁচ মাসের মধ্যে। এই স্বল্প সময়ে সরকার বেশ কিছু কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

 

গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ

 

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

 

বিদেশ থেকে জাহাজে করে তেল ও গ্যাস আমদানির কারণে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি আমদানিতে প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

 

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের পরিকল্পনা

 

রংপুরসহ উত্তরাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

 

এ ধরনের শিল্পায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ানো এবং বেকারত্ব কমানোর সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

 

রংপুরের দীর্ঘদিনের পিছিয়ে থাকার কারণ হিসেবে রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের কারণে এই অঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

 

গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সরকারের দাবি

 

দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে সংসদ কার্যকর রয়েছে এবং মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে। সংবাদমাধ্যমও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় সরকারমন্ত্রী।

 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক সাইফুল ইসলাম এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান উপস্থিত ছিলেন।

তারারদেশ নিউজ