‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা
রোববার
৬ সেপ্টেম্বর ২০২৬ ইং
২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সুশাসন সুদৃঢ় করাকে সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
দুর্নীতি ঠেকাতে আগাম নজরদারি
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে কার্যক্রমের প্রতিবন্ধকতা চিহ্নিত, উত্তম চর্চা নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে এসব টিম।
দুর্নীতির সুযোগ সংকুচিত করতে চায় সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্নীতি সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়; বরং এমন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করা, যেখানে দুর্নীতির সুযোগ ক্রমাগত কমে আসবে।
দুর্নীতি, অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার প্রাথমিক পর্যায়েই শনাক্ত ও প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থাগুলো আরও কার্যকর করার কথা জানান তিনি।
অভিযোগে ১০৬, ৯৯৯ ও ৩৩৩ হটলাইন
অভিযোগ গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের ১০৬ হটলাইনের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ৩৩৩ হটলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা এবং প্রচলিত আইনে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি।
উন্নয়ন প্রকল্পে বহুমাত্রিক নজরদারি
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়ন কমিটি, স্টিয়ারিং কমিটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাস্তবায়ন সেল ও উন্নয়ন শাখা এবং আইএমইডির মাধ্যমে তদারকি করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া পরিকল্পনা কমিশনের মূল্যায়ন ও পরিবীক্ষণ এবং এডিপি মনিটরিং সিস্টেমের মতো ডিজিটাল ব্যবস্থায় প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ
তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের মাধ্যমে সরকারি সেবার মান, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনের শাসনে জনগণকেও ভূমিকা রাখতে হবে
আইনের শাসন বাস্তবায়নে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে প্রয়োজনীয় আইন আনার পাশাপাশি প্রশাসনের কর্মকাণ্ড নিয়মিত মনিটরিং করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ভিত্তিক পরিবীক্ষণ টিম এবং দৈবচয়নের ভিত্তিতে দপ্তর পরিদর্শনের মাধ্যমে সরকারি কাজে জবাবদিহিতা, স্বচ্ছতা, কার্যকর বাস্তবায়ন ও আইনের শাসন আরও শক্তিশালী হবে।
তারারদেশ নিউজ