সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা
বুধবার
৭ অক্টোবর ২০২৬ ইং
২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিচয় কোনোভাবেই মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়।
সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সভায় প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
দুর্গাপূজার ছুটি ও অনুদানে কৃতজ্ঞতা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় এবং কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান।
দুই সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বরাদ্দ
সভা শেষে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তারারদেশ নিউজ