শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা

বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

নতুন চার সদস্যকে নিয়ে প্রথম বৈঠক

 

সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অন্তর্ভুক্তির পর এটিই হবে স্থায়ী কমিটির প্রথম বৈঠক।

 

নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

 

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সর্বশেষ বৈঠক হয়েছিল ১ আগস্ট

 

এর আগে গত ১ আগস্ট রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রায় দেড় মাস পর নতুন সদস্যদের নিয়ে আবারও বসতে যাচ্ছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

 

তারারদেশ নিউজ