রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা
সোমবার
১৯ অক্টোবর ২০২৬ ইং
৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জ্যেষ্ঠ প্রতিবেদক | তারারদেশ নিউজ:
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকট মোকাবিলা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
সাক্ষাতে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরার পথ তৈরি করতে সংকটের কার্যকর সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ দূত জুলি বিশপ জানান, মিয়ানমারের সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সীমান্তে ল্যান্ডমাইন ও পাচার নিয়ে উদ্বেগ
বৈঠকে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইনের বিস্তার এবং মানব ও মাদকপাচারের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে রাজনৈতিক সংলাপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারারদেশ নিউজ