রোহিঙ্গা সংকটকে ‘গুরুতর মানবিক সংকট’ বললেন ড. খলিলুর
ঢাকা
সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬ ইং
৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটকে ‘গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেছেন, এই সংকটের সমাধান সহিংসতার মাধ্যমে সম্ভব নয়। বরং আলোচনা, সমঝোতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হতে পারে।
সম্প্রতি জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের ভূমিকা নিয়ে এসব কথা বলেন তিনি।
রোহিঙ্গাদের ঘরে ফেরার আকাঙ্ক্ষা
রোহিঙ্গাদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, একটি জনগোষ্ঠীকে নিজ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তবে এত নির্যাতনের পরও রোহিঙ্গাদের মধ্যে সহনশীলতা, টিকে থাকার সক্ষমতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, গত বছর রমজানে এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী তাঁর সঙ্গে ইফতারে অংশ নিয়েছিলেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘আমরা বাড়ি ফিরতে চাই।’
সহিংসতা সংকট আরও জটিল করে
রোহিঙ্গা সংকট থেকে পাওয়া শিক্ষার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি পরিস্থিতিকে আরও খারাপ করে এবং সংকটের সমাধান পিছিয়ে দেয়।
তাঁর মতে, সংশ্লিষ্ট সব পক্ষকে একত্র করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে।
জাতিসংঘের প্রতি আস্থা পুনরুদ্ধারে গুরুত্ব
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সংস্থাটির প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারকে নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন ড. খলিলুর রহমান।
শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার—এই তিন ক্ষেত্রে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন। এ জন্য সব সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারারদেশ নিউজ