রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ: তারেক রহমান

ঢাকা

সোমবার

৭ সেপ্টেম্বর ২০২৬ ইং

২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ| তারারদেশ নিউজ:

 

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

রোহিঙ্গাদের আশ্রয়ে বাড়ছে চাপ

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই জনবহুল একটি দেশ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

 

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতের সহযোগিতা কামনা করেন।

 

প্রত্যাবাসনের পর পুনর্বাসনেও সহযোগিতা

 

তারেক রহমান বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি।

 

রাখাইনের পরিস্থিতিতে প্রত্যাবাসনে ধীরগতি

 

ইয়োহেই সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।

 

বহুপক্ষীয় উদ্যোগ জোরদারের আলোচনা

 

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

 

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোহিঙ্গা সংকট সমাধানে তার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

 

জাপানি বিনিয়োগ ও ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র

 

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতার জন্য বিশেষ দূতকে আহ্বান জানান। পাশাপাশি জাপানের বিনিয়োগ আকর্ষণ এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

 

এ ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী।

 

তারারদেশ নিউজ