রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা
রবিবার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জেষ্ঠ্য প্রতিবেদক | তারারদেশ নিউজ:
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।
৯ জন গ্রেপ্তার
রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল থেকে বেশ কিছু মালামাল ও আলামতও উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা নয়
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।
দায়িত্বে অবহেলায় কঠোর ব্যবস্থা
পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু বদলি করাই চূড়ান্ত ব্যবস্থা নয়।
কোনো কর্মকর্তা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে একটি বিল্ডার্স গোষ্ঠী ও একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ চলছিল।
ওই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার সময় সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয় বলে জানান তিনি। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান মন্ত্রী।
সালমান মুক্তাদিরের বিএনপিকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া এ ধরনের ঢালাও অভিযোগের আইনি ভিত্তি নেই। লিখিত মামলা করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করবে বলেও জানান তিনি।
তারারদেশ নিউজ