মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার
ঢাকা
২১আগস্ট ২০২৬ইং
০৬ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
সাজ্জাদ সদয় | তারারদেশ নিউজ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে পারেন বলে জানা গেছে।
সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নতুন মন্ত্রী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরির নাম নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।
পার্থকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ।
তিনি জানান, পার্থকে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে আসতে বলা হয়েছে। পার্থকে নৌপরিবহন অথবা পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও তিনি জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।
মঈন খানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকেও নতুন মন্ত্রী হিসেবে শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
সূত্রটির ভাষ্য, মঈন খান বর্তমানে অফিসিয়াল ফোন কলের অপেক্ষায় রয়েছেন। নরসিংদী-২ আসনের সংসদ সদস্য মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।
পাহাড়ি জেলার প্রতিনিধিত্বে সাচিং প্রু জেরি
নতুন মন্ত্রী হিসেবে শপথের তালিকায় রয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
সাচিং প্রু জেরি নিজেই জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে থাকার জন্য তাকে ফোন করা হয়েছে।
গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি হলে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারের ভেতরে আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় শামীম কায়সার
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে তাকে কোন মন্ত্রণালয় বা দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছয় গাড়ি প্রস্তুত
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ ঘিরে সরকারি পর্যায়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
তবে এসব গাড়ির কতটি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত জানা যাবে।
৫০ থেকে মন্ত্রিসভার সদস্য ৫৪
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।
শুক্রবার তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রী ২৫ জন।
নতুন রাষ্ট্রপতির শপথের দিনেই মন্ত্রিসভার এই সম্প্রসারণকে সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা, জোটসঙ্গী দলের চেয়ারম্যান এবং পার্বত্য এলাকার রাজনৈতিক প্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে।
তারারদেশ নিউজ | জাতীয়