বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

রবিবার,

১৬ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজঃ

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংকট মোকাবিলায় ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। কোনো সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে বিদ্যুতের দুর্ভোগে রয়েছেন। তার মতে, আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে সরকার আগামী ১০ বছরে বিদ্যুৎ সংকট মোকাবিলার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্যশীল থাকার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন খাতের বর্তমান দুরবস্থার জন্য পূর্ববর্তী সরকারের সময়কে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি ও অন্যান্য খাত পেয়েছে। এখন ধীরে ধীরে সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।