বঙ্গভবনে আরও ৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি

dc2028c1529f1ca0bd40dbd16e9e5975-58775ff5a2dd3

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আরও ৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। বঙ্গভবনের বাইরে থাকায় দলের নামগুলো জানাতে পারেননি জয়নাল আবেদীন।

এদিকে রাষ্ট্রপতির চিঠিপ্রাপ্তির কথা জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরেই চিঠি পেয়েছি। আমাদের আগামী ১৬ জানুয়ারি ডাকা হয়েছে।’

ইতোমধ্যে ৪ দফায় সংলাপে অংশ নেওয়া ২৩টি দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। এবার আমন্ত্রণ পাওয়া আট দল হলো, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান,, ‘আমন্ত্রিত দলগুলোর সঙ্গে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি সংলাপ করবেন রাষ্ট্রপতি।’