ফরেক্স ট্রেডিং নিয়ে আলোচনা, এখনই নীতি করার পরিকল্পনা নেই
ঢাকা
মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং
৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি | তারারদেশ নিউজ:
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং চালুর বিষয়ে আলোচনা হলেও এ মুহূর্তে এ নিয়ে কোনো নীতি প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
‘আলোচনা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়’
ফরেক্স ট্রেডিং নিয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এখনই এ বিষয়ে কোনো নীতি করার পরিকল্পনা নেই। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, কোনো বিষয়ে আলোচনা চলা মানেই সেটি চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত হয়েছে—এমনটা মনে করার সুযোগ নেই। নীতি গ্রহণের আগে সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সি এক নয়
ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে ক্রিপ্টোকারেন্সিকে এক করে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তার মতে, বৈদেশিক মুদ্রা কেনাবেচা এবং ক্রিপ্টোকারেন্সি দুটি আলাদা বিষয়।
প্রধানমন্ত্রীর ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হচ্ছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।
যাচাই ছাড়া তথ্য প্রচারে সতর্কতা
সরকারের নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া বক্তব্য বা দাবি প্রচার করা উচিত নয়।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রার লেনদেন ও অনলাইনভিত্তিক ফরেক্স ট্রেডিংয়ের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এ বিষয়ে ভবিষ্যতে কী ধরনের নীতিগত কাঠামো প্রয়োজন, তা আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
তারারদেশ নিউজ