প্রধানমন্ত্রীর বৈঠকে জোর করে প্রবেশের চেষ্টা, সাংবাদিক আটক

ঢাকা

রবিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে অনুমোদিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রবেশের চেষ্টা করার অভিযোগে একজন সাংবাদিককে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিকে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

অনুমোদিত তালিকায় নাম ছিল না

 

আটক ব্যক্তির নাম নিজামুল হক। তিনি ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ে আসার পর বৈঠকস্থলে প্রবেশের সময় নিজামুল হক অনুমোদিত তালিকায় নিজের নাম না থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা তাকে আটক করেন।

 

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

 

পরে নিজামুল হককে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তারা বিষয়টি জানতে পেরেছেন এবং একজন পুলিশ কর্মকর্তা সচিবালয়ে গেছেন।

 

আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

 

তারারদেশ নিউজ