প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমার বিধান ফিরছে
ঢাকা
সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং
১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার বিধান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।
অধ্যাদেশের খসড়া অনুমোদন
রাজস্ব আদায়ে গতি বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
পরিবর্তন হচ্ছে বর্তমান নিয়মে
প্রস্তাবিত সংশোধনীতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধন করা হবে। বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার নিয়ম পুনঃপ্রবর্তন করা হচ্ছে।
তবে কর মেয়াদ শেষ হওয়ার ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।
কিছু প্রতিষ্ঠানের জন্য ২০ দিনের সুযোগ
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে।
তারারদেশ নিউজ