দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির তাগিদ রাষ্ট্রপতির

ঢাকা

বৃহস্পতিবার

৮ অক্টোবর ২০২৬ ইং

২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন খাতে কাজ করার উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা।

 

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

 

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম ও গবেষণা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা।

 

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর প্রশ্ন

 

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। এরপরও দেশের কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনায় কেন বিদেশি কর্মী প্রয়োজন হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার।

 

এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে।

 

গবেষণা ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব

 

ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার অর্জন ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।

 

এ ছাড়া গবেষণা, প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে।

 

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে ডিআইইউর আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।

 

তারারদেশ নিউজ