দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

ঢাকা

রবিবার

১৮ অক্টোবর ২০২৬ ইং

২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

 

সংকটে মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

 

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায় থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কার্যক্রম বিস্তৃত করেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের মতো বিভিন্ন দুর্যোগে তারেক রহমান প্রবাসে থেকেও নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন তিনি।

 

শিক্ষা ও মানবিক কার্যক্রম

 

বিএনপির এই নেতা বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে।

 

এ ছাড়া দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে সংগঠনটি। এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

 

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ