তারেক জিয়াকে ‘আরেক জিয়া’ বললেন চিফ হুইপ
ঢাকা
রবিবার
১৮ অক্টোবর ২০২৬ ইং
৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মপদ্ধতি ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, তারেক রহমানকে ‘তারেক জিয়া’ না বলে ‘আরেক জিয়া’ বলাই যথার্থ।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিশোধ নয়, দেশ গঠনে গুরুত্ব
তারেক রহমানের রাজনৈতিক অবস্থান তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, তিনি প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই অতীতের বিরোধ নিয়ে ব্যস্ত না থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে মনোযোগ দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কর্মস্পৃহা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করে চিফ হুইপ বলেন, তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে মানুষের জীবনযাপন ও দুর্ভোগ বোঝার চেষ্টা করেন।
কৃষিঋণ মওকুফ ও সামাজিক কর্মসূচি
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি বলেন, কৃষকদের আর্থিক চাপ কমাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দরিদ্র ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান চিফ হুইপ।
তিনি আরও বলেন, মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগের উল্লেখ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে নুরুল ইসলাম মণি কৃষি, খাল খনন, তৈরি পোশাকশিল্প এবং হাঁস-মুরগি পালনের মতো কর্মসূচির উল্লেখ করেন। তাঁর দাবি, এসব উদ্যোগ দেশের অর্থনীতি ও কৃষি খাতের বিকাশে ভূমিকা রেখেছিল।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান
শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা জরুরি।
তিনি জানান, দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ ছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তারারদেশ নিউজ