তারেক জিয়া–মোদি বৈঠক নিয়ে আশাবাদী ভারতীয় হাইকমিশনার
ঢাকা
রবিবার
৯ আগস্ট ২০২৬ ইং
২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্ভাব্য আলোচনাকে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
দীনেশ ত্রিবেদীর মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্ব সরাসরি আলোচনায় বসলে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন জটিলতা নিরসনের পথ তৈরি হতে পারে। আলোচনার মাধ্যমেই সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য একাধিকবার শুনেছেন এবং তাঁকে জনবান্ধব নেতা হিসেবে মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একইভাবে জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সেই সাক্ষাৎ ও দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য যোগাযোগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্কের ওপর আস্থার কথা জানান।
তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকলে সমস্যাগুলোর সমাধান সম্ভব। এ ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য আলোচনা নতুন করে সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে অগ্রগতির সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারারদেশ নিউজ