ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুত করবে বিশেষ কমিটি

ঢাকা

রবিবার

২০ সেপ্টেম্বর ২০২৬ ইং

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

 

রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

২৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ

 

বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ১৫টি দল সরাসরি বৈঠকে অংশ নেয়। একটি দল লিখিত বক্তব্যের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের প্রস্তাব পাঠায়।

 

রাজনৈতিক দলগুলোর কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা লিখিতভাবে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন

 

বৈঠকে জানানো হয়, জুলাই সনদের সব অংশীজনের সঙ্গে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

 

এ সময় স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ