ডাকসুতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা

মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং

৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট  | তারারদেশ নিউজ:

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথ ও সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম ব্যাচের একদল শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।

 

ছবি প্রদর্শনের প্রতিবাদে কর্মসূচি

 

শিক্ষার্থীদের দাবি, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করেছেন।

 

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অন্যদের মতো তারাও নিজেদের অবস্থান প্রকাশের অধিকার থেকে ছবিগুলো পদদলিত করেছেন।

 

‘পাকিস্তানপন্থীদের রাজনীতি সামনে আনা যাবে না’

 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, তাদের কর্মসূচির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করা। তিনি অভিযোগ করেন, জিন্নাহ ও গোলাম আযমের ছবি প্রদর্শনের মাধ্যমে পাকিস্তানপন্থী রাজনীতিকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে।

 

তিনি আরও দাবি করেন, বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং এ ধরনের প্রতিবাদ অব্যাহত থাকবে।

 

সংস্কারের পর সংগ্রহশালায় জিন্নাহর তিন ছবি

 

ডাকসু সংগ্রহশালাটি সংস্কারের পর গত রোববার পুনরায় চালু করা হয়। সেখানে নতুন করে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখা হয়। এর মধ্যে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তার একটি বক্তব্যের ছবি এবং ১৯৪০ সালের লাহোর সম্মেলনের একটি দলগত ছবি রয়েছে।

 

এ ছাড়া জিন্নাহকে নিয়ে ডন পত্রিকার একটি প্রতিবেদন এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবিও সংগ্রহশালায় রাখা হয়েছে।

 

এর আগে জিন্নাহর ছবি ছিঁড়ে প্রতিবাদ

 

এর আগে সোমবার ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

এ ছাড়া জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি সংগ্রহশালায় টানিয়ে দেন।

 

তারারদেশ নিউজ