চীন-বাংলাদেশ সামরিক সহযোগিতা জোরদারে নতুন আলোচনা

ঢাকা

বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর ২০২৬ ইং

১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।

 

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময়

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয়পক্ষ।

 

প্রশিক্ষণ ও সামরিক শিক্ষা বিনিময়ে গুরুত্ব

 

বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা

 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথাও স্মরণ করে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

প্রতিরক্ষা খাত আধুনিকায়নে সমর্থনের প্রতিশ্রুতি

 

বৈঠকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতাকে ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

 

তারারদেশ নিউজ