চামড়া শিল্পের প্রসারে বিশেষ পরিকল্পনা সরকারের: রিজভী

ঢাকা

বুধবার

১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ প্রতিনিধি | তারারদেশ নিউজ:

 

চামড়া ও চামড়াজাত পণ্যের শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে চামড়া ও চামড়াজাত পণ্যের পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

চামড়া শিল্পে সম্ভাবনা

 

রিজভী বলেন, চামড়াজাত শিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের আরও বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

 

দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

রপ্তানি বাড়ানোর সুযোগ

 

তিনি বলেন, প্রতিবছর কোরবানির ঈদে সংগ্রহ করা বিপুল পরিমাণ চামড়া প্রক্রিয়াজাত করতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে জুতা তৈরির কারখানা গড়ে তোলা গেলে উৎপাদিত জুতার বড় অংশ, এমনকি শতভাগ পর্যন্ত রপ্তানির সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

পরিবেশের বিষয়েও সতর্কতা

 

ট্যানারি শিল্পের আশপাশে আবাসিক এলাকা গড়ে না তোলার বিষয়ে নীতিগত গুরুত্ব দেওয়ার কথা বলেন রিজভী। একই সঙ্গে চামড়া শিল্পের বর্জ্য খাল, বিল বা নদীতে গেলে পরিবেশের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

 

মেলায় ৪৯টি স্টল

 

অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ দিনব্যাপী এ মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪৩টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি, বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিল্প উদ্যোক্তারা বক্তব্য দেন। পরে রিজভী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

তারারদেশ নিউজ