গুমের তদন্ত পুলিশকে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির

ঢাকা

রোববার

৩০ আগস্ট ২০২৬ ইং

১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

গুমের মতো গুরুতর অপরাধের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর দাবি, অধিকাংশ গুমের ঘটনায় ক্ষমতাসীন সরকারের সম্পৃক্ততা থাকে।

 

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

স্বাধীন সংস্থার হাতে তদন্তের দাবি

 

শফিকুর রহমান বলেন, গুমের মতো সংবেদনশীল অপরাধের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মানবাধিকার কমিশনের মতো স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত।

 

তাঁর অভিযোগ, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই গুমের অভিযোগ উঠেছে। সেই বাহিনীর হাতেই গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হবে।

 

মানবাধিকার কমিশন বিল নিয়েও সমালোচনা

 

প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইনেরও সমালোচনা করেছেন জামায়াতের আমির।

 

তাঁর দাবি, নতুন বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে মানবাধিকার কমিশন কার্যত ‘নখদন্তহীন বাঘে’ পরিণত হতে পারে।

 

‘মাস্টারমাইন্ডদের’ বিচারের দাবি

 

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান শফিকুর রহমান।

 

একই সঙ্গে গুমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি পরোক্ষভাবে জড়িত ব্যক্তি এবং কথিত ‘মাস্টারমাইন্ডদের’ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

সরকারি তথ্যভান্ডার নিয়েও প্রশ্ন

 

গুম-সংক্রান্ত তথ্যভান্ডার তত্ত্বাবধানের দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত করার বিষয়েও আপত্তি জানান বিরোধীদলীয় নেতা।

 

তাঁর প্রশ্ন, যেসব ঘটনায় সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, সেসব ঘটনার তথ্যভান্ডার সরকারের অধীনে থাকলে তথ্য কতটা নিরপেক্ষভাবে সংরক্ষণ ও প্রকাশ করা হবে।

 

শফিকুর রহমান বলেন, সরকারকে রাজনৈতিকীকরণের মানসিকতা থেকে বের হয়ে নাগরিকের মৌলিক অধিকার, আইনের আশ্রয় লাভ এবং জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

 

গুমকে বিশেষ অপরাধ হিসেবে পূর্ণ স্বীকৃতি দিয়ে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

তারারদেশ নিউজ