গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা

বুধবার

২১ অক্টোবর ২০২৬ ইং

৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক | তারারদেশ নিউজ:

 

গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

 

জাতীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষার আহ্বান

 

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবার দেশ। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না।

 

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

 

ধর্মীয় পরিচয়ে বৈষম্য গ্রহণযোগ্য নয়

 

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ উৎসবের মূল বার্তা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়।

 

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীগত পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

 

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ব্যবসায়ী ও অন্যান্য শ্রেণি-পেশার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

 

এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর ধর্মীয় ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ