গাজী নজরুলকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তুমুল বিতর্ক
ঢাকা
সোমবার
৭ সেপ্টেম্বর ২০২৬ ইং
২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
সংসদীয় কমিটিতে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে অন্তর্ভুক্ত করা নিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।
কমিটিতে রাখা নিয়ে আপত্তি বিরোধীদলের
চিফ হুইপ নূরুল ইসলাম জানান, গাজী নজরুল ইসলাম আগে কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিরোধীদলীয় নেতার চিঠি ও অনুরোধের পর তাকে সেসব কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে সংসদ সদস্য হিসেবে তার পদ বহাল থাকায় সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া স্পিকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, গাজী নজরুলকে বিরোধীদলের কোটা থেকে কোনো সংসদীয় কমিটিতে দেওয়া হয়নি—এটি নিশ্চিত হওয়ার জন্যই তারা বিষয়টি জানতে চেয়েছিলেন।
তিনি বলেন, নৈতিক কারণে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কোনো কমিটিতে তাকে না রাখাই সংগত।
৭০ অনুচ্ছেদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই কোনো সংসদ সদস্যের পদ শূন্য হয় না। সংশ্লিষ্ট সদস্য নিজে পদত্যাগ না করলে সংবিধানের ৭০ অনুচ্ছেদও সরাসরি প্রযোজ্য নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। বিরোধীদল চাইলে ৭০ অনুচ্ছেদের অধীনে স্পিকার বা নির্বাচন কমিশনে চিঠি দিতে পারে।
‘সংসদ প্রাণবন্ত রাখতে টিপস দেন’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে কিছুটা হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানান ড. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে যেমন মেম্বার নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়ার কথা প্রচলিত আছে, স্বরাষ্ট্রমন্ত্রীও মাঝে মধ্যে সংসদকে প্রাণবন্ত রাখতে এমন কিছু ‘টিপস’ দেন।
তবে গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে না রাখার বিষয়ে সরকারের অবস্থানকে স্বাগত জানান তিনি।
কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলের অবস্থান থেকে মনে হচ্ছে তারা গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল রাখতে চান, তবে তাকে কোনো সংসদীয় কমিটিতে রাখতে চান না।
তিনি পুনর্ব্যক্ত করেন, সংবিধান অনুযায়ী গাজী নজরুল ইসলাম এখনও বৈধ সংসদ সদস্য। বিরোধীদল ৭০ অনুচ্ছেদের অধীনে কোনো পদক্ষেপ না নিলে তার সদস্যপদ বহাল থাকবে। তবে বিরোধীদলীয় নেতার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে প্রস্তাবিত কমিটি থেকে বাদ দেওয়ার কথা জানান তিনি।
নতুন করে কমিটি পুনর্গঠন
বিতর্কের শেষ পর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ পুনর্গঠনের প্রস্তাব করেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৫ বিধি অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে নতুন কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করা হয়।
তারারদেশ নিউজ